মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ
প্রকাশিত : ১৯:২৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় একটি অফিসে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন টুইন টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত একটি অফিসে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী জয়নাল আবেদিন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, সকাল ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি অজ্ঞাত সন্ত্রাসী দল আকস্মিক তাদের অফিসে হামলা চালায়। তারা অফিসের দরজা, জানালা ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অফিসের বিভিন্ন কক্ষ ও স্টোররুমে তল্লাশি চালিয়ে নগদ ১৫ লাখ টাকা, ৫টি ল্যাপটপ, ২টি এসি, ৩টি সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন আসবাবপত্র ও মূল্যবান সরঞ্জাম ট্রাকে করে লুট করে নিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, মো. মোস্তাকের রহমান খোকন চৌধুরী, মহিন, প্রিন্স ও আলামিন নামের ব্যক্তিরা স্থানীয় কিছু লোকের সহায়তায় বেশ কিছুদিন ধরে এই অফিসটি দখলের পাঁয়তারা করছিল। এই হামলার ফলে প্রতিষ্ঠানের ব্যাপক আর্থিক ক্ষতির পাশাপাশি গুরুত্বপূর্ণ অফিশিয়াল নথিপত্র হারানোর শঙ্কা তৈরি হয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এই বিষয়ে তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, বেড়িবাঁধের পশ্চিম পাশের চাঁদ উদ্যানের ‘রোজ ভিলা’ সংলগ্ন জমিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। জমিটি দীর্ঘদিন ধরে আলম নামের এক ব্যক্তির দখলে ছিল। ঘটনার সময় জনি ও রেজাউলের নেতৃত্বে আনুমানিক ১৫০ থেকে ২০০ জন লোক বেআইনিভাবে সেখানে প্রবেশ করে আগের টিনের বেড়া ও অফিস ভেঙে ফেলে। পরে তারা সীমানায় নতুন করে টিনের বেড়া দিয়ে জমিটি দখলের চেষ্টা চালায়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, বিতর্কিত ওই জমির মালিকানা নিয়ে উভয় পক্ষই নিজেদের কাছে বৈধ কাগজপত্র থাকার দাবি করছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএইচ
আরও পড়ুন










